আন্তর্জাতিকইন্ডিয়া

সন্তানকে নিয়ে ৬ তলা থেকে মায়ের লাফ, অলৌকিকভাবে বেঁচে গেল শিশুটি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দরাবাদে হৃদয়বিদারক এক ঘটনায় ছয় মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বহুতল ভবন থেকে লাফ দিয়েছেন এক নারী। এ ঘটনায় মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে শিশুটি।

শুক্রবার (১২ জুন) শহরের মিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিহত নারীর নাম ইসা শাহু (৩৭)। তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে একটি আবাসিক ভবনে বসবাস করতেন। ঘটনার সময় তিনি তার ছয় মাস বয়সী শিশুকে সঙ্গে নিয়েই ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে লাফ দেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নারীটি সরাসরি মাটিতে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশুটি নিচে পড়ার আগে একটি বেড়ার ওপর আঘাতপ্রাপ্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে এবং তার আঘাত গুরুতর নয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী দীর্ঘদিন ধরে অনিদ্রা, মানসিক চাপ এবং সন্তান জন্মের পর সৃষ্ট বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শুক্রবার বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যরাও বাসায় উপস্থিত ছিলেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button