বাংলাদেশ

ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ

বাংলা টিভি ডেস্ক: ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফেরার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে ঘটে যাওয়া পরিস্থিতির পর তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন মনে করায় তিনি ভারতে প্রবেশ না করে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

তার ভাষায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশ ও নির্ধারিত কার্যক্রমে অংশ নিতে অনুরোধ করেছিল। তবে তিনি মনে করেন, রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া জরুরি ছিল, তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

জানা যায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

তবে কূটনৈতিক চিঠি দিয়ে আগাম জানানো সত্ত্বেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পরে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।

পরবর্তীতে সোমবার দুপুরে তিনি ঢাকায় ফিরে আসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button