বাংলাদেশঅপরাধ

দিঘিতে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে রাহাত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার দুই বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

মঙ্গলবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহাত স্থানীয়ভাবে ‘গাটু’ নামে পরিচিত ছিল এবং সে ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টার দিকে একই এলাকার তিন কিশোর—রাহাত, সাকিব ও রিফাত—একসঙ্গে হাওয়াই দিঘিতে গোসল করতে নামে। গোসলের সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানির নিচে চেপে ধরে রাখে বলে অভিযোগ ওঠে। এতে রাহাতের মৃত্যু হয়।

ঘটনার পর দুই অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার সকালে উত্তেজিত হয়ে পড়ে নিহতের স্বজনরা। তারা অভিযুক্তদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে বলে জানা গেছে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button