বাংলাদেশ

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়।

দানবাক্স খোলার পর সকাল ৯টা থেকে মসজিদের ভেতরে অর্থ গণনার কাজ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) প্রায় সাড়ে তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে।

রূপালী ব্যাংক লিমিটেডের কিশোরগঞ্জ শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রফিকুল ইসলাম জানান, অর্থ গণনার কাজে রূপালী ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী এবং মোট ৫৯০ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৩টি দানবাক্স থেকে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে মোট দানের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীও পাওয়া গিয়েছিল।

এবার ছয় মাস পর দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা উদ্ধার হয়েছে, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে মোট দানের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে গণনা কার্যক্রম শেষ হওয়ার পর।

সংশ্লিষ্ট খবর

Back to top button