ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যের মামলা

প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১৬ রাজ্য। সোমবার ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে রাজ্যের নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা করা হয়।
এতে মামলা চলাকালীন ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতে, পদক্ষেপ নেয়ার আবেদন করা হয়। কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি অবস্থা জারির ট্রাম্পের সিদ্ধান্তের তিন দিনের মাথায় এই পদক্ষেপ এলো।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরা জানান, সাধারন নাগরিকদের করের টাকা অন্যায়ভাবে ব্যবহারের কোন সুযোগ নেই। অবৈধ অভিবাসী আর মাদক পাচার ঠেকাতে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়ে আসছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
কংগ্রেসের সিদ্ধান্তহীনতায় সরকারের দীর্ঘ অচলাবস্থার পর ১৪০ কোটি ডলার বরাদ্দ দিতে রাজি হয় বিরোধী ডেমোক্র্যাটরা। তবে তাতে সন্তুষ্ট না হয়ে শুক্রবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেন ট্রাম্প।
বাংলাটিভি/রাজু



