তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

বাংলা টিভি ডেস্ক: দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাবিত কারখানাটি নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই গড়ে তোলা হবে। পাশাপাশি উত্তরাঞ্চলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি প্রতিষ্ঠার কার্যক্রমও এগিয়ে চলছে।
বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত ‘বিএসআরএফ সংলাপ’-এ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির সংলগ্ন এলাকায় ড্রোন উৎপাদনের একটি আধুনিক কারখানা স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, দেশের উত্তরাঞ্চলে এখনো আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর না থাকায় বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার কাজ চলছে। এই উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই বিমানবন্দরের পাশে ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে।
তিনি আরও জানান, উত্তরাঞ্চলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটি থেকেই পরিচালিত হবে।
বিএসআরএফ সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে আয়োজিত সংলাপটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
উল্লেখ্য, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও একে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা অতীতে একাধিকবার নেওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি।



