চবির হলের খাবারে মিলল নারীর ছবিযুক্ত স্টিকার

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের ডাইনিংয়ের খাবারে এক নারীর ছবি সংবলিত একটি স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাবারের মান ও প্রস্তুত প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরে স্টিকারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া খাবারের প্লেটে ওই স্টিকারটি দেখতে পান।
হৃদয় মিয়া জানান, দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় মাছের বাটি থেকে খাবার নেওয়ার পর প্লেটে একটি স্টিকার দেখতে পান। পরে তিনি লক্ষ্য করেন, স্টিকারটিতে নকশা করা এক নারীর ছবি রয়েছে এবং নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা ছিল। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে ম্যানেজার জানান, রান্নার উপকরণ হিসেবে ব্যবহৃত ম্যাজিক মসলার প্যাকেট থেকে এটি খাবারের মধ্যে চলে আসতে পারে।
ঘটনাটিকে হলের খাবারের মানের বিষয়ে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, খাবারের মধ্যে এ ধরনের বস্তু পাওয়া গ্রহণযোগ্য নয়। এটি খাবার তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে অসতর্কতার ইঙ্গিত দেয়। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে প্রশাসনের তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, তিনি বিষয়টি দেখেছেন। এ বিষয়ে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, এর আগেও খাবারের মান নিয়ে অভিযোগ থাকায় আগের ম্যানেজার পরিবর্তন করে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি সেদিন ক্যাম্পাসে ছিলেন না এবং ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানেন না। হল সংসদ থেকেও তাকে বিষয়টি জানানো হয়নি। তবে লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



