দেশের অর্থনীতির জন্য সর্বনাশ ডেকে আনছে হুন্ডি

দেশের অর্থনীতির জন্য সর্বনাশ ডেকে আনছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর ঘটনা। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা স্বজনদের কাছে যে রেমিট্যান্স পাঠান তার একটা উল্লেখযোগ্য অংশ আসছে এই হুন্ডির মাধ্যমে।
শুধু তাই নয়,এখন বাংলাদেশ থেকেও হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এ অবস্থায় হুন্ডির ছোবল ঠেকাতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে আরো সচেতন করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কয়েক বছর আগেও ব্রিটেন থেকে কোন কাগজপত্র ছাড়াই যে কেউ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারতো। আর এখন ব্রিটিশ সরকারের কঠোর নীতিমালার কারণে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নানা বাধ্যবাধকতার মুখোমুখি হতে হয়।
ফলে অনেকেই ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে অবৈধ মাধ্যমে অর্থ প্রেরণ করছে বাংলাদেশে। যদিও রেমিটেন্স সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেন বৈধ পথে দেশে টাকা পাঠানো যায়।
বর্তমানে অনেক প্রবাসী দেশের সম্পদ বিক্রি করে পুরোপুরি লন্ডনমুখী হচ্ছেন। এসব সম্পত্তির বিক্রয়কৃত অর্থ বৈধভাবে ব্রিটেনে নেয়ার সুযোগ না থাকায় অবৈধভাবে হুন্ডির মাধ্যমেই পাঠানো হচ্ছে টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির একটি সিন্ডিকেট বিকাশ, রকেট, এম ক্যাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবাদানকারী সার্ভিসগুলোর অপব্যবহার করছে।এ অবস্থায় হুন্ডির ছোবল ঠেকাতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে আরো সচেতন করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রনক হাসান, বাংলা টিভি, ঢাকা।



