
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা পাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল
মাহবুবে আলম ও দুদকের আইনজীবী খুরশিদ আলম।
মঙ্গলবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দুদকের রিভিউ গ্রহণ করে
হাইকোর্ট খালেদা জিয়ার সাজা আরও ৫ বছর বাড়ানোর পর তারা এ কথা বলেন।
হাইকোর্টের রায় ঘোষণার পর দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম
সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, যদি কোনো মন্ত্রী পদ
থাকা অবস্থায় ২ বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত হন এবং পরবর্তী পাঁচ বছর পর্যন্ত সাজা না যায়,
উনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। আজ খালেদা জিয়াকে
১০ বছরের সাজা দিয়েছেন হাইকোর্ট। আইন অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না।



