
জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ইসির সহকারী সচিব নুরুন নাহার খানের সই করা জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
আজ সন্ধ্যায় নুরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করার জন্য গতকাল (মঙ্গলবার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
পরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের মনোনয়নপত্র দাখিল বিষয়ে ব্রিফিংয়ের সময় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,নারায়ণগঞ্জের এসপির বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতেই তাকে বদলি করা হয়েছে।
ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এসপি আনিসুরের স্ত্রী সরকারদলীয় সংসদ সদস্য। এ কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে কি না— জানতে চাইলে ইসি সচিব বলেন,এটাও একটা কারণ।
এর আগে, গত ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট। জোটের অন্যতম নেতা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ইসিতে অভিযোগ দায়ের করেন।
বাংলাটিভি/এসএম/এবি



