
কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন হাইকোর্ট।
বুধবার এ আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি প্রেক্ষিতে আদালত এ আদেন।
খালেদার আইনজীবীরা জানান,খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে বিজ্ঞ আদালত সব বিবেচনা করে তাঁর জামিন দেন। এই মামলায় জামিন হলেও অন্য মামলা থাকায় খালেদা জিয়া এখনই মুক্তি পাচ্ছেন না বলেও জানান তাঁর আইনজীবী।
তবে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ।
ওই মামলায় গত ৪ফেব্রুয়ারি খালেদার জামিন নামঞ্জুর করে কুমিল্লার আদালত। এরপর ২৭ ফেব্রুয়ারি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এর ওপর গতকাল শুনানি হয়। আজ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন আদালত।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ওই বাসের আট যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দু’টি মামলা করে পুলিশ। একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা,অন্যটি হত্যা মামলা।
বাংলাটিভি/হাকিম



