
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদের এমপির চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী সকালে এ তথ্য জানান।
তিনি জানান,তাঁর শারিরীক অবস্থা ভাল। আজ সকাল থেকে তাঁকে নরম খাবার দেয়া হচ্ছে।
রিজভী জানান, আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে কাদেরের বাইপাস সার্জারীর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকগণ।
এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় উপস্থিত ছিলেন জনাব কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।
গত রোববার (৩ মার্চ) সকাল ৭টায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন ওবায়দুল কাদের। তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
পরের দিন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত দেয় ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত বিএসএমএমইউর মেডিকেল বোর্ড। ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাটিভি/হাকিম



