
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেটকারের চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গ্রিনলাইন পরিবহণের করা আবেদন খারিজ করে রোববার, এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন, আইনজীবী শামসুল হক রেজা ও অ্যাডভোকেট খবিরুদ্দিন ভূঁইয়া। অন্যদিকে গ্রিনলাইন পরিবহণের পক্ষে আদালতে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী অজিউল্লাহ উপস্থিত ছিলেন।
গত ১২ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ৫০ লাখ ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেন। পাশাপাশি রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে এবং কাটাপড়া বাম পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিনলাইন কর্তৃপক্ষকে দিতে বলে আদালত ।
এর আগে, রাসেলের পা হারানোর পর ২০১৮ সালের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য আইনজীবী উম্মে কুলসুম হাইকোর্টে রিট করেন। রিটের শুনানিতে ৬ মার্চ রাসেলের পক্ষে আদালতকে জানানো হয়, ‘পা হারানোর পর এখন পর্যন্ত গ্রিনলাইন কর্তৃপক্ষ তাঁর কোনও খবর নেয়নি এমনকি চিকিৎসার ব্যয়ও বহন করেনি।
সড়ক দুর্ঘটনায়, গ্রিনলাইন পরিবহণের বাসচালক কবিরকে আসামি করে রাসেলের ভাই আরিফ সরকার যাত্রাবাড়ী থানায় মামলা করেন ।
বাংলাটিভি/হাকিম



