বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়, তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় কিংবা আক্রমণ করতে চায় তাকে প্রতিহত করার প্রস্তুতি থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় শান্তিরক্ষায় নিয়োজিত সেনাদের আরো প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শেখ হাসিনা। টানা তৃতীয় দফায় সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। শেরে বাংলানগরে তাকে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে, সুষ্ঠুভাবে পরিচালনায় নানা দিক-নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এতে সরকারের বিভিন্ন কাজে গতিশীলতা বাড়ার পাশাপাশি প্রশাসনেও স্বচ্ছতা এবং কর্মকর্তাদের মধ্যে প্রাণচাঞ্চল্যও বাড়বে বলেও জানান তিনি।
সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের জন্য নয়, শান্তির জন্যও প্রস্তুত থাকতে হবে। কেউ হুমকি বা আক্রমণ করলে তার সমুচিত জবাব দেয়ার সক্ষমতাও বাংলাদেশের আছে। কারও সাথে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ পরিবেশ চায় বাংলাদেশ।’
আওয়ামী লীগ সরকারের সময় প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নের নানা বিষয় তুলে ধরেন শেখ হাসিনা।
শান্তিরক্ষায় উপযুক্ত প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা বাহিনী সাজানোর নির্দেশনা দেন সরকার প্রধান।
বাংলাটিভি/ফাতেমা



