
বাংলাদেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২১ এপ্রিল পবিত্র শবে বরাত পালিত হবে।
বাংলাদেশের আকাশে শনিবার হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী ২১ এপ্রিল (রবিবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে।
এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের আকাশে আজ (শনিবার) ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (০৮ এপ্রিল) থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর ২১ এপ্রিল পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।
মুসলমান ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল বরাত বিশেষ তাৎপর্য বহন করে। পবিত্র শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত। অতীতের পাপাচার থেকে মুক্তি এবং আগামী বছরে সুখ-সমৃদ্ধির জন্য এই রাতে সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থণা করেন মুসল্লিরা।
বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে এই রাতটি অতিবাহিত করবেন।.
বাংলাটিভি/প্রিন্স



