শেখ সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় হামলার শিকার: প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন,সেলিমের মেয়ে-জামাই ও নাতি এ সময় একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন। সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়ে-জামাই আহত হন এবং আজ বিকেল পর্যন্ত নাতির কোন খোঁজ পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী আজ ব্রুনাইয়ে এক বক্তৃতায় বলেন,সন্ত্রাসীদের কোন বর্ণ,ধর্ম ও দেশ নেই। তারা সন্ত্রাসী এবং মানুষের জীবন ধ্বংস করে দেয়। সুতরাং আমি তাদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানাই।
তিনি গতকাল সন্ধ্যায় ব্রুনাইয়ের এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবের ইন্দেরা সামুদেরা বলরুমে ব্রুনাই দারুসসালামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক গণসংবর্ধনায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, শ্রীলংকার ৮টি স্থানে সংঘটিত বোমা হামলায় বহু লোক নিহত ও আহত হয়েছে। ‘আমি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই।’ আরেকটি দুঃখজনক ঘটনা হলো শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলংকায় বোমা হামলার শিকার হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডেও এ ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



