
বিআরটিএর নির্ধারিত ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যদি কেউ আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
দুপুরে গাবতলী বাস টার্মিনালে বাস ট্রাক মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন,ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো ভাবেই যেন মলম পার্টি, ছিনতাইকারীরা তৎপর হতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।মালিবাগে পুলিশের উপর কারা হামলা করেছে, কি উদ্দেশ্যে করেছে তা অচিরেই স্পষ্ট হবে।
তিনি আরও বলেন, মালিবাগে পুলিশের গাড়িতে হামলার বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এর ২০-২২ দিন আগে গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হামলা চালনো হয়েছিল। দুটি বিষয়ই আমাদের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিট তদন্ত করছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। আশা করছি অচিরেই হামলার উদ্দেশ্য, কারা, কেন এবং কাদের টার্গেট করে করা হয়েছে বের হয়ে আসবে।
কমিশনার বলেন, গুলিস্তান ও মালিবাগে দুটি ঘটনাতেই যেহেতু পুলিশকে টার্গেট করা হয়েছে বলে মনে হচ্ছে, তবুও এর যোগসূত্র রয়েছে কি না বিষয়টি এখনও স্পষ্ট নয়।
সভায় বাস মালিক ও শ্রমিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় যাত্রীদের বাড়তি চাপ থাকে। বাসগুলো নির্বিঘ্নে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে টার্মিনালের মুখগুলো ফাঁকা রাখতে হবে।
বাংলাটিভি/ফাতেমা



