যমুনায় পানি বিপদসীমার সব রেকর্ড ছাড়িয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে জেলার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বন্যার পানি নিকট ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে বিপদসীমার ১৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরাম, দশানীসহ জেলায় সকল নদ-নদীর পানি বেড়েই চলছে।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর ১২টায় জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় যমুনার পানি বিপদসীমার ১৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ, জামালপুর সদর ও বকশীগঞ্জ উপজেলার ৪৭ টি ইউনিয়ন এবং ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ পৌরসভা এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে টাঙ্গাইলের ভুঞাপুরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরমধ্যে বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে খাদ্য, পানির তীব্র সংকট, গো-খাদ্য সংকট দেখা দিয়েছে। বাসস্থানে পানি ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে গ্রামবাসী।
বুধবার (১৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, ঘরবাড়িতে পানি প্রবেশ করায় অনেকে গরু-ছাগল ও পরিবার-পরিজন নিয়ে উঁচু প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন।
টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভুঞাপুর উপজেলায় যমুনার পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সামনে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে যমুনা নদীতে পানি বেড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ঢুকে পড়ায় সেগুলো বন্ধ ঘোষণা করেছে কতৃর্পক্ষ। এতে উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।
এরমধ্যে কুড়িগ্রাম, জামালপুর, সিলেট, গাইবান্ধা, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। বৃষ্টি কমার সঙ্গে পাল্লা দিয়ে পানিও কমতে থাকায় পরিস্থিতিও উন্নতির দিকে কোথাও কোথাও।
তবে দেশের অভ্যন্তরে ও উজানে বর্ষণ কমলেও পানির ঢলে দেশের নদ-নদীর ২৩টি পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।
ধীরে ধীরে শনিবার থেকে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বাংলাটিভি/প্রিন্স



