সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর যানজট নিরসন ও সড়ক পরিবহন ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে রাজধানীর সড়ক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। এর মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালকে ঢাকার বাইরে বা উপযুক্ত স্থানে স্থানান্তরের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা জানান, রাজধানীর অভ্যন্তরীণ যানজট কমাতে টার্মিনাল স্থানান্তরের বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থা এবং নগর পরিবহনের আধুনিকায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এসব বাস টার্মিনাল ঢাকার যানজট ও সড়ক অব্যবস্থাপনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে।



