বাংলাদেশজনদুর্ভোগ

রাস্তা বন্ধ করে আর্জেন্টিনা সমর্থকদের নাচ-গান, ক্ষুব্ধ স্থানীয়রা

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন করা হয়েছে। নাচ-গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজন স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে পৌর এলাকার হাওয়াই রোডে মিলনমেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আর্জেন্টিনার জার্সি পরিহিত কয়েকজন সমর্থক সড়কে নৃত্য পরিবেশন করেন। পরে গান ও নাচের বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং অন্য কোনো দল বা খেলোয়াড়কে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার বিষয়ে সবাই একমত হয়েছেন। পাশাপাশি খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের বিরোধে না জড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সংগীতশিল্পী রাইদা লগ্না, নৃত্যশিল্পী রাজু, হাসান, নাতাশা সবুজসহ আরও কয়েকজন শিল্পী ও সমর্থক। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তবে সড়কের একটি অংশে নাচ-গানের আয়োজন করায় কিছু স্থানীয় বাসিন্দা বিরূপ প্রতিক্রিয়াও জানিয়েছেন। তাদের মতে, এতে যান চলাচলে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শিল্পী রাইদা লগ্না জানান, মূলত একটি নতুন গান প্রকাশ উপলক্ষে ভিডিও ধারণ ও প্রচারণার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, নৃত্য ও গানের দৃশ্য ধারণের সময় রাস্তাটি প্রায় ফাঁকা ছিল। একই সঙ্গে তিনি জানান, তাদের নতুন গানটি রাতেই প্রকাশের কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button