
আসাদ রিয়েল : অনলাইনে ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা সেলিম প্রধানের রাজধানীর গুলশানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি টাকা উদ্ধারের পর এবার তার বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র্যাব। সেখানেও অবৈধ বিদেশী মদ, দেশি-বিদেশি নগদ অর্থসহ, অনলাইন ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বনানীর ২ নম্বর রোডের ২৬ নম্বর ভবনে সেলিমের বাসায় অভিযান শুরু করে র্যাব সদস্যরা। র্যাব জানায় গুলশানে সেলিমের বাসাটিতে অভিযান শুরুর পর রাত থেকে তার বনানীর বাসাটি ঘিরে রাখা হয়। পরে আজ দুপুরে অভিযান শুরু করা হয়।
এর আগে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব। এরপর সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে গুলশান-২ এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব সদস্যরা।
সেখান থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, সেলিম অনলাইন ক্যাসিনোর মূলহোতা। তিনি পি-২৪ নামে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করে আসছে।
বাংলাটিভি/ নূর



