তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন ‘জিসান’

আফরিন রিয়া : বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জিসান দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী,খুন ও বিস্ফোরক দ্রব্য রাখাসহ বিভিন্ন ধরনের অপরাধে কার্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জিসান দীর্ঘদিন ধরে নাম পরিবর্তন করে দুবাইয়ে অবস্থান করছিল। সেখান থেকেই দেশের অপরাধ জগতের নানাকিছু নিয়ন্ত্রণ করত সে।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় জিসানের নাম রয়েছে। বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো উদ্যোগে ও দুবাই ইন্টারপোলের সহযোগিতায় জিসানকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জিসানকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।
২০০৩ সালে মালিবাগের একটি হোটেলে দুজন ডিবি পুলিশকে হত্যার পর আলোচনায় আসেন জিসান। ২০০৫ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সে দেশ ছেড়ে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।
আইনশৃঙ্খলা-বাহিনী সূত্রে জানা যায়, ২০০৫ সালে পালিয়ে ভারতে প্রবেশ করে জিসান। এরপর নিজের নাম পরিবর্তন করে আলী আকবর চৌধুরী নামে পাসপোর্ট সংগ্রহ করেন।



