বেত্রাবতি নদীর কাঠের ব্রিজটি এখন মরণ ফাঁদ

গোপাল কুমার, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের বেত্রাবতি নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না করায়, এখন তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। আর এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে কাঠের ব্রিজটির পরিবর্তে নতুন পাকা ব্রিজ নির্মাণের দাবি করা হলেও, গত ৪৯ বছরে সে দাবি পূরণ হয়নি অভিযোগ এলাকাবাসীর। তবে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
বেত্রাবতি নদীর ওপর দিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে যাতায়াতের দ্রুততম মাধ্যম এ ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পৌর সদরের দক্ষিণ মুরারিকাটি, গোপিনাথপুর, পাথরঘাটা, ঘরচালা, কাশিয়াডাঙা গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ, কয়েক হাজার মানুষ চলাচল করেন। ব্রিজটিতে কাঠের পাটাতন নেই বললেই চলে। লোহার কাঠামোর অবস্থাও নড়বড়ে।
স্থানীয়রা জানান, এ ব্রিজ দিয়ে পণ্য পরিবহণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়ে অঙ্গহানির ঘটনা ঘটছে। এসব ঘটনা স্থানীয় কাউন্সিলরসহ পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও, কোনো উদ্যোগ নেয়নি তারা।
এ বিষয়ে জানতে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুলের সাথে যোগাযোগ করা হলে, তিনি ক্যমেরার সামনে কোন কথা বলতে রাজি হননি। তবে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানালেন, ব্রিজ নির্মাণে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
মুরারিকাটি গ্রামের তৎকালীন জমিদার তারক নন্দী, এলাকার উন্নয়নে বেতনা নদীর ওপর লোহার ফ্রেম ও কাঠের পাটাতন দিয়ে এ কিাঠের ব্রিজটি নির্মাণ করে দিয়েছিলেন।



