
আবরার হত্যার প্রতিবাদ ও ঘোষিত ১০ দফা মেনে নেয়ার দাবিতে আজও বুয়েট ক্যাম্পাসে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষিত দাবী মেনে নেয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে, বুয়েটের ভিসি বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেন বলে জানিয়েছে বুয়েটের জনসংযোগ বিভাগ।
আবরার হত্যার প্রতিবাদে শুক্রবারও টানা পঞ্চম দিনের মত আন্দোলনে নামে বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় মিছিল নিয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। আবরার হত্যার পঞ্চম দিন অতিবাহিত হলেও দাবী বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এদিকে, বিকেল ৫টায় বুয়েট অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান, শিক্ষার্থীরা। এ সময়, দাবী বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
আরমান কায়সার/বাংলা টিভি



