আখাউড়ায় বিষ প্রয়োগে মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি প্রজেক্টে বিষ দিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার মোগড়া ইউনিয়নের বিএসবি ফিসারীজ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকল্পে মঙ্গলবার দিবাগত রাতে বিষ দেয়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোমবার আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন প্রজেক্ট পরিচালক।
প্রজেক্ট পরিচালক মো. রাসেল মিয়া জানান, স্থানীয় বাসিন্দা রফিক, বিল্লাল, জাহাঙ্গীর, বাদশা, ফায়েজ, মোস্তাকসহ এলাকার কয়েক জনের সঙ্গে প্রজেক্টে মাছ ছাড়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, অভিযুক্তরা সম্প্রতি তাকে হত্যার হুমকিও দিয়েছিল। তারাই রাতের অন্ধকারে প্রজেক্টে বিষ দিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলে বলে অভিযোগ করেছেন।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অমিত হাসান অপু, আখাউড়া প্রতিনিধি



