জাপানে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

শতাব্দীর অন্যতম প্রলয়ংকরী টাইফুন হাগিবিসে জাপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, টাইফুনের তাণ্ডবে নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে।
টাইফুনের সময় প্রবল বৃষ্টিপাতে নদ-নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যার পানিতে ডুবে অনেকের মৃত্যু হয়। গেলো শনিবার সন্ধ্যায় টাইফুন হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল দিয়ে স্থলে উঠে এসে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে তাণ্ডব চালায়।
কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এ টাইফুনটির কেন্দ্র সরাসরি রাজধানী টোকিওর ওপর দিয়ে এগিয়ে যায়। টাইফুন হাগিবিসে ২২০ জন আহত হওয়ার পাশাপাশি এটি আঘাত হানার প্রায় চার দিন পর এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন।
হনশু দ্বীপের উত্তরপূর্বাঞ্চলীয় ৫২টি নদীর পানি বেড়ে বন্যা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ৬৫ লাখ ডলার ব্যয় করবে বলে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন।



