দেশবাংলা

মালিক-শ্রমিক দ্বন্দ্বে দুর্ভোগে পিরোজপুর বাসী

পিরোজপুর বাস মালিক সমিতির ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও মামলার ঘটনায় বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এই দ্বন্দে দূর্ভোগ পোহাচ্ছেন চালক ও সাধারণ যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান চান তারা।

১০ বছর ধরে পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন মশিউর রহমান মহারাজ। সম্প্রতি সাবেক সভাপতি জসিম উদ্দিন খানের নেতৃত্বে সমিতির একাংশ অনাস্থা প্রস্তাব এনে  মহারাজকে সরিয়ে ৫ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ দ্বন্দে গত ১৩ অক্টোবর এক বাস মালিককে কুপিয়ে জখম করা হয়, লাঞ্ছিত করা হয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হালদারকে। এ দুটি ঘটনায় ২ দিন পিরোজপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ ছিল, ৩০জনকে আসামী করে করা হয় দুটি মামলা। আর এই বিরোধের জেরে জেলায় বাস-মিনিবাস চলাচল বন্ধ।

একদিকে যেমন দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অন্যদিকে গাড়ি চলাচল বন্ধ থাকায় আয় বন্ধ হওয়ায় বিপাকে শ্রমিকরা।

এ ঘটনার দিকে নজর আছে বলে জানালেন, পিরোজপুর থানার পুলিশ কর্মকর্তা নূরুল ইসলাম বাদল। অবিলম্বে এ ঘটনার সুরাহা করে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করার দাবি পিরোজপুরবাসীর।

ইমাম হোসেন মাসুদ, পিরোজপুর প্রতিনিধি 

সংশ্লিষ্ট খবর

Back to top button