শর্ত সাপেক্ষে ফরিদপুর সিটি করপোরেশনের অনুমোদন

২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে অনুষ্ঠিত নিকারের (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সভায় শর্ত সাপেক্ষে ফরিদপুরকে সিটি করপোরেশন করার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘ফরিদপুরকে সিটি করপোরেশন করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে শর্ত হচ্ছে, ফরিদপুর বিভাগীয় কার্যক্রম শুরুর পর এটি করা হবে।’
ফরিদপুর সিটি করপোরেশন গঠনের ক্ষেত্রে শর্ত কেনো দেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে শফিউল আলম সাংবাদিকদের আরও বলেন, বিভাগ না হলেও অনেক জেলায় সিটি করপোরেশন আছে, তা ঠিক। কিন্তু অতীতে যা হয়েছে সে রেফারেন্স এখন আর আনা যাবে না। ভবিষ্যতে এই দৃষ্টান্ত অনুকরণীয় হবে এটাই শর্তের অংশ।
এছাড়া, সভায় এই প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব অনুমোদন করেছে নিকার। এর মধ্যে একটি নতুন পৌরসভা গঠন (সিলেটের বিশ্বনাথপুর), সাতটি পুলিশি থানা গঠন এবং বাকিগুলো পৌরসভা সম্প্রসারণের প্রস্তাব।



