বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো সিশেলসের শ্রম বাজার

বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হলো পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের শ্রম বাজার। সোমবার রাজধানী ভিক্টোরিয়াতে এক চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মী নিয়োগের ওপর দেশটির আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এতে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও দেশটির এমপ্লয়মেন্ট, ইমিগ্রেশন ও সিভিল স্ট্যাটাস মন্ত্রী মারিয়াম তেলেমাক নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সিশেলস সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিটি স্বাক্ষরের ফলে দু’দেশের মধ্যে শ্রম বাজারসহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
২০১৮ সালের অক্টোবরে সিশেলস সরকার বাংলাদেশ থেকে কর্মী নেয়া সাময়িক বন্ধ রাখে। এরপর উচ্চ অভিবাসন ব্যয় হ্রাসসহ একটি সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় সিশেলসে কর্মী প্রেরণের লক্ষ্যে উভয় দেশ শ্রম সহায়তা চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহ ব্যক্ত করে।



