বিএনপিরাজনীতি

খালেদা জিয়ার সাক্ষাতের অনুমতি পেলেও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার বিকেলে, জোটটির আট নেতা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে গেলে, তিনি এ অনুমতি দেন।

সাক্ষাৎ শেষে ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব জানান, খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয় ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অন্য কোনও বিষয়ে কথা হয়নি তাদের। যদিও মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি এখনো পাননি তারা বলে জানা গেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নিয়ম অনুযায়ী খালেদা জিয়ার সাথে দেখা করতে ঐক্যফ্রন্ট নেতাদের কোনো বাধা নেই। তবে সমাবেশের অনুমতির বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যাপার।

এ সময় ভোলার বোরহানউদ্দিনের সংঘর্ষের বিষয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় দুঃখও প্রকাশ করেন তিনি।

ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রবের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ আরও চারজন।

আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা

সংশ্লিষ্ট খবর

Back to top button