‘শুধু চালক নয়, পথচারীদেরও সড়ক আইন মেনে চলার আহ্বান’

শুধু চালক নয়, পথচারীদেরও সড়ক আইন মেনে রাস্তা চলাচলের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণ ছাড়া কোনো চালক যেন রাস্তায় না নামতে পারে, কর্তৃপক্ষকে কড়া নজর রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় এসব কথা বলেন শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে কৃষিবিদ মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে সড়ক নিরাপদ রাখতে সরকার নানান পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে রাস্তায় চালকদের ওভারটেকিংয়ের অসুস্থ প্রতিযোগীতা বন্ধ করতে হবে। পথচারীদের আইন মেনে চলার ওপর জোর দেয়ার পাশাপাশি প্রশ্ন তোলেন মানুষের ট্রাফিক আইন না মানার প্রবণতা নিয়েও।
গাড়ির নকশা পরিবর্তন করে রাস্তায় নামালে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন, একইসাথে নির্দেশ দেন ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করার। চালকদের গাড়ি চালানোর সময়সীমা নিয়েও নিজের মনোভাবের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেয়ার পাশাপাশি রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহারে তাগিদ দেন সরকারপ্রধান।



