‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপানের প্রধানমন্ত্রীর আহবান‘

রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারে পরিবেশ তৈরি করার জন্য অং সান সু চিকে আহবান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার জাপানের রাজধানীতে টোকিওতে দ্বি-পাক্ষিক বৈঠকে সু চিকে এ আহবান জানান আবে।
দুই নেতার মধ্যে অনুষ্ঠিত ১৫ মিনিট স্থায়ী এই বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মিয়ানমারের নেত্রীকে ধন্যবাদ জানান।
পাশাপাশি রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়টি উত্থাপন করে আং সান সূচিকে স্মরণ করিয়ে দেন যে নিরপেক্ষ তদন্ত কমিশনের পেশ করা সুপারিশ অনুযায়ী দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা মিয়ানমারের সরকার ও সামরিক বাহিনীর জন্য আবশ্যক।
জাপানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাস্তুচ্যুত হয়ে পড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক একটি পরিবেশ তৈরি করা মিয়ানমারের জন্য জরুরি।
উত্তরে মিয়ানমারের নেত্রী বলেছেন, এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি দ্বিধা করবেন না।



