‘নারীদের গৃহকর্মী হিসেবে বিদেশ না পাঠাতে কাজ করছে সরকার’

নারীদের গৃহকর্মী হিসেবে বিদেশে না পাঠাতে কাজ করছে সরকার। জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. সেলিম রেজা।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, মানব অভিবাসনে জেন্ডার-সংবেদনশীল টেকসই প্রক্রিয়ার ওপর অনুষ্ঠিত এক সেমিনারে একথা জানান তিনি।
সেলিম রেজা বলেন, নারী কর্মীদের সমস্যা যেমন আছে, ভালো খবরও অনেক আছে। তবে, সার্বিক পরিবর্তনের জন্য নারীদের দক্ষ হয়ে বিদেশ যাওয়ার কথা বলেন তিনি।
এ বিষয়ে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যাওয়া এক নারীর উদাহরণ দিয়ে সচিব বলেন, মন্ত্রণালয় চাচ্ছে কেয়ার গিভার, নার্স, সেলস এক্সিকিউটিভ হিসেবে নারীদের বিদেশ পাঠাতে। সেজন্য মধ্যপ্রাচ্যের দিক থেকে এখন অন্য আধুনিক দেশে কর্মী পাঠানোর দিকে গুরুত্ব দিচ্ছে সরকার।
সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম,প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুনিরুস ছালেহীন, অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন,সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ প্রবাস ফেরত নারী কর্মীরা বক্তব্য রাখেন।



