বিমানের রক্ষণাবেক্ষণে আরও আন্তরিক হওয়ার তাগিদ

পেশাগত দক্ষতা অর্জন করে জনগণের করের টাকায় কেনা বিমানের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশপথে বিশ্বের দূরবর্তী গন্তব্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় সরকার এমন কথা উল্লেখে করে বিমানের আধুনিকরণে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ৬ষ্ঠ আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোড়ল। এ সময়, বিমানের আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে যুগোপযোগী করতে ইতিমধ্যে আইন করা হয়েছে। এছাড়া, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করার কাজ চলছে, যেন পার্শ্ববর্তী দেশগুলোও সেটি ব্যবহার করতে পারে।
ভৌগলিক অবস্থান বিবেচনায় আকাশপথে প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগ বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের সঙ্গে আকাশ পথে যোগাযোগ স্থাপনে আরও দুটি উড়োজাহাজ কেনার প্রস্তুতি চলছে।
জনগণের কষ্টার্জিত অর্থে কেনা বিমানের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের আরো যত্নবান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
হাকিম মোড়ল / বাংলা টিভি



