মানিকগঞ্জ জেলায় বিস্তীর্ণ এলাকাজুড়ে সবজি চাষ

মানিকগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হয়েছে শীতকালীন সবজি চাষ। অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যার কারণে এখানে ফলনও বেশ ভালো হয়। এছাড়া রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায়, এখানকার সবজির চাহিদা রয়েছে।
ফলন ও দাম-দুটোই ভালো হওয়ায়, সবজি চাষে লাভের আশা স্থানীয় কৃষকদের। আর কৃষি বিভাগ বলছে, চাষিদের সবধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
মানিকগঞ্জ জেলার সিংগাইর ও সাটুরিয়া উপজেলার প্রায় সর্বত্র এখন দেখা মিলবে নানা জাতের শীতকালীন সবজি। চলতি মৌসুমে জেলায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার হেক্টর। ইতোমধ্যে দুই হাজার ১শ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।
তবে, গেলো বন্যায় ২শ ৫০ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন, স্থানীয় কৃষকরা। সেই ক্ষতি পুষিয়ে নিতে, কৃষকরা এবার পুরো উদ্যমে কাজ শুরু করেছেন।
জেলায় উৎপাদিত লালশাক, পালংশাক, ফুলকপি, বাধাকপি, মুলা, ঢেড়শ, শিম, বেগুন, লাউ, শশার রয়েছে ব্যাপক চাহিদা। নানা জাতের এসব সবজির আবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় চাষীরা।
আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সবজির বাম্পার ফলনের আশাবাদের কথা জানিয়ে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান চৌধুরী বলেন, চাষিদের প্রযুক্তিসহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।
নায্য দাম পেলে গতবছরের ক্ষতি পুষিয়ে এবার ভাগ্য ফিরবে, এমনটাই আশা জেলার কৃষকদের।
মানিকগঞ্জ প্রতিনিধি / বাংলা টিভি



