
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।সকালে আসামিদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো.মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।এসময় প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানারও আদেশ দেন। রায়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আসামী পক্ষ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাওয়ার সুযোগের কথাও জানানো হয়।
রায় হলো ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী,নুসরাত জাহান রাফি হত্যা মামলার। ফাঁসির আদেশ দেয়া হয়েছে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদদৌলাসহ ১৬ আসামীর সবার।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। রায় পড়তে লাগে ১২ মিনিটের চে’ কিছু বেশি সময়।
আদালত ঘোষণা করে সারাদেশে চাঞ্চল্য তৈরি হওয়া নির্মম এ হত্যার রায়। সব আসামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালত তার পর্যবেক্ষণে বলেন, নুসরাত তার নারীত্বের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
রাষ্ট্রপক্ষ এবং বাদী পক্ষের আইনজীবী ফাঁসির রায়ে সন্তুষ্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনকে ধন্যবাদ জানান। নুসরাতের বাবা রায়ে সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি এ রায় দ্রুত কার্যকরের দাবী জানান। অপরদিকে ন্যায় বিচার পাননি বলে জানান, আসামী পক্ষের আইনজীবীরা। সাধারন মানুষও মনে করে এ রায়ে ফেনী কংলকমুক্ত হয়েছে।
অধ্যক্ষ সিরাজউদদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন নুসরাত। গত ৬ এপ্রিল পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে তাকে পাশের বহুতল ভবনের ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। ১০এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। এ রায়কে ঘিরে গতরাতে নুসরাতের বাড়িতে পাহারা জোরদার করা হয়।
বাংলাটিভি/শহীদ



