চলতি মাসে দেশে ফিরলেন ৮০৪ বাংলাদেশি শ্রমিক

বৈধ আকামা থাকার পরও দু’শ বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করে দেশে পাঠিয়েছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চলতি মাসে দেশে ফিরলেন ৮০৪ বাংলাদেশি শ্রমিক।
শুক্রবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
অন্যান্য দিনের মতো এসব কর্মীদের তাৎক্ষণিক প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায়, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবারসহ জরুরি সহায়তা প্রদান করে।
সাধারণত, ফ্রি ভিসায় দেশটিতে যাবার পর এক নিয়োগকর্তার পরিবর্তে, অন্য জায়গায় কাজ করতে গিয়ে গ্রেফতার হলে, দেশে ফেরত পাঠানো হতো।
কিন্তু এবার ফেরত আসা কর্মীদের অভিযোগ, বৈধ আকামা থাকা সত্ত্বেও, কর্মস্থলে যাওয়ার পথে ও মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথ থেকে ধরে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে তাদের।
নিয়োগকর্তা বা কফিলও এর কোন দায়-দায়িত্ব নিচ্ছেন না বলেও অভিযোগ করেন দেশে ফেরা এসব কর্মীরা।



