সারাদেশে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারাদেশে নানা আয়োজনে যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। এতে আরও উপস্থিত ছিলেন, বগুড়া-৬ আসনে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট এ. কে. এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু।
এদিকে, জামালপুরে শহরের সফিমিয়ার বাজারে, জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনসহ আরো অনেকে।
অন্যদিকে, লক্ষ্মীপুরে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া,জেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবুল হাসান লিংকনসহ অন্যরা।
অপরদিকে, নাটোরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে পুলিশী বাধা দেয়ায়, যুবদল জেলা শাখার নেতারা এক প্রতিবাদ সভার মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।



