
চলচ্চিত্র প্রযোজক ও শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরস্থ দুটি বাড়িতে একযোগে অভিযান চলছে।
অভিযানকালে আজিজ মোহাম্মদ ভাই দেশের বাইরে থাকায়, তাকে বাসায় পাওয়া যায়নি। তবে দুটি বাড়ির কেয়ারটেকার নবীন ও পারভেজকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) আওতায় অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ডিএনসির সহকারী পরিচালক (উত্তর) মোহাম্মদ খুরশিদ আলম জানান, অভিযানে ৪-৫শ’ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদের বোতল ও বিপুল পরিমাণ সিসা উদ্ধার করা হয়। এছাড়া বাসা থেকে ক্যাসিনো খেলার সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান।



