ধর্ষকদের সরিয়ে ধর্ষণ, সেই ছাত্রলীগ নেতা আটক

ভোলায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সোমবার ভোর রাতে মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর মনপুরাগামী একটি স্পিডবোটে যাওয়ার সময়, ঐ বোটের চারযাত্রী মিলে জোরপূর্বক স্পিডবোটটি চরপিয়ালে এলাকায় থামিয়ে ওই গৃহবধূকে চরে নিয়ে ধর্ষণ করে।
এ সময় বিষয়টি স্পিডবোটের মালিক সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুলকে জানালে তিনি অপর একটি স্পিডবোটে চড়ে চরপিয়াল আসেন। নজরুল এসে ওই চার ধর্ষককে মারধর করেন এবং তাদের কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেন।
এরপর নজরুল ওই গৃহবধূকে আবার চরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। নজরুল ধর্ষণের ঘটনা ভিডিও করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন।
এদিকে, চরের মহিষের রাখালরা ঘটনাটি দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে সন্ধ্যা সাড়ে ৭টায় চরপিয়াল চর থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরায় নিয়ে আসেন। রাতেই ওই গৃহবধূ মনপুরা থানায় তাদের আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।



