রামেরবাজার থেকে সাহেবেরহাট সড়কটি চলাচলে অনুপযোগী

বরিশালে, আগৈলঝাড়া উপজেলার রামেরবাজার থেকে সাহেবেরহাট সড়কটি খানা-খন্দ ও গর্তে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেশীর ভাগ অংশে পিচের চিহ্নও নেই। এ অবস্থায় সড়কটিতে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, বার বার তাগাদা দেওয়া হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না উপজেলা এলজিইডি বিভাগ।
বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৯৮-৯৯ অর্থবছরে আগৈলঝাড়া উপজেলার রামেরবাজার থেকে সাহেবেরহাট পর্যন্ত ৭ কিলোমিটার সড়কটি সংস্কার করে। তবে এ কাজের মানটি ছিল নিম্নমানের।
ফলে সড়কের বিভিন্নস্থানে বিটুমিন উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। এতে প্রায়ই ঘটছে দুঘর্টনা। ভেঙ্গে যাচ্ছে, গাড়ীর যন্ত্রাংশ।
এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করছে। ভোগান্তির স্বীকার হচ্ছে, কোমলমতি শিক্ষার্থীরা।
সড়কটি সংস্কারে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন। অন্যদিকে বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে বলে জানালেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার।
স্থানীয়দের দুরাবস্থা বিবেচনা করে সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমন চাওয়া ভুক্তভোগীদের।
এফ এম নাজমুল রিপন, বরিশালের আগৈলঝাড়া প্রতিনিধি



