
সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি নির্ধারণ করে ২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২০ খ্রিস্টাব্দের ছুটির এই তালিকা’ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা সাংবাদিকদের জানান, চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।
এরমধ্যে ৮ দিন পড়েছে সাপ্তাহিক শুক্র ও শনিবার। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
আজকের বৈঠকে খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আইনের বিধান রেখে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৯ এর খসড়ায়ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ।



