অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

আজো শেষ হয়নি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের নির্মাণ কাজ

ঐতিহাসিক মুজিবনগর, যেখানে উদিত হয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় অস্থায়ী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এর নাম রাখা হয় মুজিবনগর।

বিভিন্ন সময়ে মোটা অংকের টাকার বরাদ্দ আসলেও আজো শেষ হয়নি স্মৃতি কমপ্লেক্স নির্মাণ কাজ। একইসঙ্গে দর্শনার্থীদের গাইড লাইন ও নিরাপত্তার বিষয়টিও বেশ হুমকিতে। দ্রুত এর সংস্কারের দাবি স্থানীয়দের।

মেহেরপুরের এক সময়কার বৈদ্যনাথ তলা এখন মুজিবনগর। প্রায় ৮০ একর জায়গার ওপর ১৯৭৪ সালের ১৭ এপ্রিল মুজিবনগর স্মৃতি জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং মূল কাজ শুরু হয় ১৯৮৭ সালে।

তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে ২৩ স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স নির্মাণ কাজে হাত দেন।

আম্রকাননে রয়েছে ১৩শ আম গাছ। ৩টি ধাপে ছয় স্তরে ২টি গোলাপ বাগান। যা ৬ দফা আন্দোলনের রূপক। এছাড়া ৪শ ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে পাক বাহিনীর নির্যাতনসহ বিভিন্ন ঘটনা।

নির্মাণাধীন রয়েছে বঙ্গবন্ধু তোরণ, শেখ হাসিনা মঞ্চ, মসজিদ, ২৩টি কংক্রিটের ত্রিকোণ দেয়ালের সঙ্গে উদিয়মান সুর্যের প্রতিকৃতিকে প্রতীক করে মুজিবনগর স্মৃতিসৌধ ও ডরমেটরিসহ মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বাংলাদেশের মানচিত্র।

মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি জানান, এর উন্নয়নে সরকার ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের নকশাও রয়েছে চূড়ান্ত পর্যায়ে। একনেকে পাশ হলে মুজিবনগরের উন্নয়ন, সম্প্রসারণ ও সৌদর্য্য বর্ধনের কাজ শুরু হবে।

স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে দ্রুত নির্মাণ কাজ শেষ করবে সংস্লিষ্ট কর্তৃপক্ষ এমন দাবি দর্শনার্থীদের।

আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি 

সংশ্লিষ্ট খবর

Back to top button