চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ২য় দিন

দ্বিতীয় দিনের মত চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা। মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদের অধীন ডি ইউনিটের পরীক্ষা।
সকাল ১১ টা ও বিকাল ৩ টায় দুই শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ১শ ৫৭ আসনের বিপরীতে ৫২ হাজার ৯শ ১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে তৈরি করা হয়েছে এন্টি-প্রক্সি অ্যাপস। যেখানে প্রক্সি দিতে আসা শিক্ষার্থীদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আর পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও ডেমু নগরীর বটতলী থেকে ক্যাম্পাস পর্যন্ত মোট ২২ বার আসা-যাওয়া করবে।
এদিকে গতকাল অনুষ্ঠিত বি ইউনিটের পরীক্ষার ফলাফল আজ বিকেলের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ৪টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ৮শ ৭০ জন শিক্ষার্থী।



