দেশবাংলা

দক্ষ জনশক্তি তৈরিতে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফ্রি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক- যুবতী। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, দক্ষ জনশক্তি হিসেবে। প্রতি মাসে আয় করছেন ৮ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। এখানে প্রতিদিন প্রায় ১৮টি ট্রেডে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি দেয়া হয় ১শ টাকা করে যাতায়াত খরচ। বেকারত্ব দূরীকরণে দিনদিন সফলতা পাচ্ছে, এ  প্রতিষ্ঠানটি।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ৩ একর জমির ওপর ২০০৬ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিয়ন্ত্রণাধীন স্থাপিত হয়, কারিগরি এ প্রশিক্ষণ কেন্দ্র।

এখানে রয়েছে,অত্যাধুনিক অবকাঠামো শিক্ষা সহায়ক।দারিদ্র বিমোচন,স্কিল ডেভলপমেন্টসহ বেকার সমস্যা সমাধান, শিল্পায়নে সহায়ক দক্ষ জনশক্তি সৃষ্টি ও আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ জনশক্তি সরবরাহ বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে এ কেন্দ্রটি।

এখানে ৮টি ট্রেডে প্রশিক্ষন দেয়ার পাশাপাশি বিদেশ যেতে ইচ্ছুক এমন কর্মীদের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন ট্রেনিং কোর্সে প্রশিক্ষণ শেষে, মহাপরিচালক স্বাক্ষরিত সার্টিফিকেট দেয়া হয়। এছাড়া বিদেশে পাঠাতে সবধরনের সহায়তা দেয়া হয়।

প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন, প্রশিক্ষকরা। প্রতিষ্ঠানের সফলতার কথা তুলে ধরে জেলার দরিদ্র, স্বল্প শিক্ষিত, প্রতিবন্ধিসহ বেকার ছেলে-মেয়েদের এখানে প্রশিক্ষণ নেয়ার আহবান জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রুস্তাম আলী।

তিনি আরও বলেন, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় ১৬ হাজার নারী-পুরুষ বিদেশে গিয়ে ভাল চাকরী পেয়েছেন।দেশে বসেও সফল হয়েছেন কয়েক হাজার ছেলে-মেয়ে।

এছাড়া প্রতিষ্ঠানটি ২০১৮ সালে জাতীয় উন্নয়ন মেলায় ঝিনাইদহের ১শ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করে।

আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button