লালমনিরহাট সীমান্তে দুই বাংলার মিলন মেলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ৮শ ৮৫ নম্বর মেইন পিলারের কাছে অনুষ্ঠিত হয়েছে দুই বাংলার মানুষের মিলন মেলা। বিভিন্ন বয়সী মানুষের এ মিলন মেলায় আনন্দে মূখরিত হয়ে ওঠে গোটা সীমান্ত এলাকা।
ক্ষণিকের এ সুভাষ যেন ছড়িয়ে পড়ে দু’দেশের আকাশ- বাতাশে। সোমবার দিনব্যাপী চলে এ মিলন মেলা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগড় সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে সানিয়াজান নদীর তীর পেড়িয়ে মিলিত হন, বাংলাদেশ ও ভারত থেকে আসা শতশত মানুষ।
এখানে মিলন ঘটে দুই বাংলার আত্মীয়-পরিজনের। কাটাতারের বেড়ার কারনে বুকে জড়িয়ে ধরে ভালবাসা বিনিময়ের সুযোগ না থাকলেও, পরিবার সংসার নিয়ে আলোচনা হয় একে অপরের মাঝে। বিনিময় করেন উপহার সামগ্রীও।
স্বাধীনতার পর থেকেই এ সীমান্তে প্রতি বছরই শ্যামা পুজা উপলক্ষ্যে দুই বাংলার মানুষ মিলিত হন এ মিলন মেলায়। পাসপোর্ট করতে সামর্থ্যহীন লোকজন অপেক্ষা করেন এ দিনটির জন্য। আর সানিয়াজান নদীর তীর সংলগ্ন সীমান্ত পরিণত হয় লোকে লোকারন্য।
ওই মেলায় অনেকে আসেন ঘুরতে। মেলা শেষে হাসিমুখে ফিরে যান বাড়িতে। আর অপেক্ষা করেন পরের বছরের জন্য। উভয় দেশের বাংলা ভাষা-ভাষিদের আবেগঘন মুহুর্তগুলোর কথা বিবেচনা করে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফও এ দিনটিতে শিথিল হন।
ইলিয়াস বসুনিয়া, বাংলা টিভি



