আখাউড়ায় একই পরিবারের ৫ জন প্রতিবন্ধী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই পরিবারের ৭ জনের মধ্যে ৫ জনই প্রতিবন্ধী। জন্মসূত্রে প্রতিবন্ধী হলেও এরা হাসিমুখে শত প্রতিকুলতাকে মেনে এগিয়ে চলেছে। পরিবারে আর্থিক টানাপোড়েনে থেমে থাকেনি তারা।
খর্বাকৃতির প্রতিবন্ধী হলেও শারীরিকভাবে এরা সুস্থ্য। তাই সরকারী সহায়তা পেলে তারা স্বাবলম্বি হতে পারতো বলে মনে করেন স্থানীয়রা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রাম উত্তরপাড়ার মজিবুর রহমানের স্ত্রী শারমিন আক্তার ও তার বড় ছেলে আশিক খান বাদে, মজিবুরসহ তার ছেলে মাসুদ, মুহিন, তুহিন ও একমাত্র মেয়ে ফাতেমা খর্বাকৃতির জীবন যাপন করছে।
এর মধ্যে মাসুদ ৮ম, মুহিন ৫ম ও তুহিন ১ম শ্রেণীতে পড়ছে। তারা আখাউড়া প্রত্যাশী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী। উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের মেধাবী শিক্ষার্থী হিসেবেও তাদের পরিচিতি রয়েছে। প্রতিবন্ধীদের বিভাগীয় ও জাতীয় পর্যায়ে তারা সংগীত পরিবেশন করে সুনামও কুড়িয়েছে।
স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র দূরে হওয়ায় নির্ভর করতে হয় পরিবহণের ওপর। আর এ পরিবহণ খরচ অভাবের সংসারে বাড়তি বোঝা। প্রতিবন্ধীদের সরকারী সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা।
মজিবুর রহমানের ছোট্ট মুদি দোকানের আয় দিয়ে কোনভাবে চলে সংসার। ছোট্ট এ দোকানের উপার্জিত অর্থে জীবন যাপন কষ্টসাধ্য। তাই সরকারী সহায়তা চান পরিবারের সদস্য ও স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, একই পরিবারের ৫ জন প্রতিবন্ধী। এটা বিরল ঘটনা। তারা যেন সরকারী সব ধরনের সহযোগীতা পায়, দ্রুত সে ব্যবস্থা করা হবে।
সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি



