যুক্তরাষ্ট্রের কুইন্স লাইব্রেরিতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই

যুক্তরাষ্ট্রের কুইন্স লাইব্রেরিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন, ফাদার অব দ্যা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইটি যুক্ত করা হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এ বইটি আনুষ্ঠানিকভাবে সম্পাদনা করেন।
এর আগে গত সোমবার বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনকালে কুইন্স লাইব্রেরির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান লাইব্রেরিয়ান নিক বোরনের কাছে বইটি হস্তান্তর করেন নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
এসময় তিনি বইটির পটভূমি সম্পর্কে বোরনকে অবহিত করেন। সংকলনটি কুইন্স লাইব্রেরির সংগ্রহে যুক্ত করতে পেরে গর্বিত বোধ করেন নিক বোরন।
তিনি আরও বলেন, নিউইয়র্কে দিনদিন বাংলা ভাষাভাষীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কুইন্স লাইব্রেরিতেও বাংলাদেশি-আমেরিকান পাঠকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যে, কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষার বিভিন্ন বই এসব পাঠকদের আগ্রহের সৃষ্টি করেছে।
তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আসতে পেরে আনন্দিত বোধ করছেন। এসময় কনস্যুলেটের কাউন্সিলর আয়শা হক উপস্থিত ছিলেন।



