দেশবাংলা

পিরোজপুরে সুপারির বাম্পার ফলন

পিরোজপুরে এ বছরও সুপারির বাম্পার ফলন হয়েছে। বাজারে চলছে জমজমাট বেচাকেনা। তবে চাষীদের অভিযোগ, বিদেশি সুপারি আমদানি করায় দেশীয় সুপারির দাম কমে যাচ্ছে। তাই ফলন ভালো হলেও ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন তারা। আর চাষীদের ক্ষতি পোষানোর জন্য জেলা কৃষি অফিসের পক্ষ থেকে নানা পরামর্শ দেয়া হচ্ছে।

দেশে সুপারির অন্যতম উৎপাদনকারী এলাকা হিসেবে দক্ষিণাঞ্চলের সুপরিচিত জেলা পিরোজপুর। একসময় দেশে উৎপাদিত সুপারির বড় অংশ জেলার সদর উপজেলার চলিশা বাজারে বেচা-কেনা হতো। বর্তমানে গাজিরহুলা, চৌরাস্তা, তালুকদারহাট, মিয়ারহাট, নতুনবাজারসহ বিভিন্ন বাজারে ছোট বড় হাটে বেশি সুপারি কেনা-বেচা হয়।

ব্যবসায়ীরা প্রতিবছর এ মৌসুমে বিভিন্ন হাট থেকে সুপারি কিনে মজুদ করে রাখে। শুকিয়ে ও পানিতে ভিজিয়ে সুপারি সংরক্ষণ করা হয়। পরে তা দেশের বিভিন্নস্থানে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

ফলন ভালো হলেও, ন্যায্য দাম পান না চাষীরা। তাই বিদেশি সুপারি আমদানি বন্ধ করে দেশীয় সুপারি বেশি বেশি রপ্তানি করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চাষীদের ক্ষতি পোষানের জন্য জেলা কৃষি অফিস থেকে চাষিদের সমিতি গঠনসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে, জানালেন পিরোজপুর জেলা কৃষি অফিসার আবু হেনা মোঃ জাফর।

এবার আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির বাম্পার ফলন হয়েছে। গত বছরের চেয়ে এবার উৎপাদন বেশি হবে বলে ধারণা কৃষি অফিসের।

পিরোজপুর প্রতিনিধি, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button