সিলেট আওয়ামী লীগে শুদ্ধি অভিযানের দাবি

সিলেট আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ঢুকে পড়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করেছে। সম্মেলনকে ঘিরে দলকে অনুপ্রবেশকারী মুক্ত করার দাবি উঠেছে জোরেশোরে। পাশাপাশি বিভিন্নভাবে যারা দলের সুনাম ক্ষুন্ন করছে, তাদের বাদ দিয়ে নতুন কমিটি চান নেতাকর্মীরা।
শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সম্মেলনের আগেই, সিলেট আওয়ামী লীগকে ঢেলে সাজানোর কাজ চলছে।
আট বছর আগে সম্মেলন ছাড়াই ঘোষণা করা হয়েছিল সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি। কেন্দ্রীয় চাপে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা আওয়ামী লীগের সম্মেলন, জানালেন শফিকুর রহমান চৌধুরী (সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগ)।
জেলার সম্মেলনের আগে উপজেলা কমিটি গোছানোর কাজ চলছে। ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় সম্মেলন করতে পেরেছে আওয়ামী লীগ। কিন্তু কমিটি নিয়ে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের অনেক নেতা মনে করেন, শুদ্ধি অভিযানের পর সময় এসেছে সিলেটের আওয়ামী লীগকে হাইব্রিডমুক্ত করার।
কয়েকদিন আগেই সিলেট সফর করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এসময় শুদ্ধি অভিযান সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি করতে নির্দেশ দেয়া হয়।
ত্যাগী নেতাকর্মীরা মনে করেন, এতে সিলেট আওয়ামী লীগে সংশোধনের সুযোগ এসেছে।
কাইয়ুম উল্লাস, সিলেট প্রতিনিধি



